অল ক্রাইমস.টিভি ডেস্ক
চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সংসদ অধিবেশনে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর করা হচ্ছে না। তবে বন্দর ব্যবস্থাপনার নির্দিষ্ট কিছু অংশ, বিশেষ করে টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় অপারেটর নিয়োগ দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি উভয় ধরনের প্রতিষ্ঠানই যোগ্যতা অনুযায়ী বিবেচিত হয়।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে এবং বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনাল পরিচালনায় অভিজ্ঞ অপারেটরদের সম্পৃক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বর্তমানে বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা বন্দরের কার্যকারিতা বাড়াতে সহায়তা করছে।
এছাড়া কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে চুক্তি সম্পন্ন হয়েছে ডেনমার্কভিত্তিক APM Terminals-এর সঙ্গে, যা Maersk Group-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।



