অল ক্রাইমস.টিভি ডেস্ক
কুড়িগ্রামের উলিপুর উপজেলা-র জোনাইডাঙ্গাসহ আশপাশের প্রায় দশ গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বুড়ি তিস্তার ওপর একটি সেতু নির্মাণ। বহুবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় ঝুঁকি ও কষ্ট নিয়েই চলাচল করতে হতো স্থানীয়দের।
অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন একজন সাধারণ শ্রমজীবী মানুষ—কুলি আব্দুল করিম। নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিয়ে তিনি খালের ওপর একটি সেতু নির্মাণ করে দিয়েছেন এলাকাবাসীর জন্য।
জোনাইডাঙ্গা গ্রামের পাশের খালের ওপর কংক্রিটের পিলারের ওপর দাঁড়িয়ে থাকা ইট, কাঠ ও লোহার তৈরি এই সেতুটি যেন একজন সংগ্রামী মানুষের পরিশ্রমের প্রতীক। প্রায় ২৫ বছর ধরে কুলি হিসেবে কাজ করে জমানো অর্থ দিয়ে কেনা নিজের মোটরসাইকেল ও দুটি ছাগল বিক্রি করে তিনি শুরু করেন নির্মাণকাজ। পরে অর্থের সংকটে এক লাখ টাকা ঋণ নিয়ে শেষ করেন সেতুর কাজ। গত শুক্রবার সেতুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
আব্দুল করিম জানান, দীর্ঘদিন ধরে এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে স্কুলশিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক মানুষের দুর্ভোগ তাকে ব্যথিত করত। সেই কষ্ট লাঘব করতেই তিনি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণে তিনি পিছপা হননি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পাশেই হাসপাতাল থাকলেও সেতুর অভাবে রোগীদের অনেক ঘুরে যেতে হতো, যা অনেক সময় জীবনহানির কারণ হয়ে দাঁড়াত। একজন নিম্নআয়ের মানুষ হয়ে আব্দুল করিম যে উদ্যোগ নিয়েছেন, তা সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
ব্যবসায়ীরা জানান, আগে পণ্য বাজারে নিতে অনেক কষ্ট হতো, এখন এই সেতুর কারণে সহজেই যাতায়াত করা যাচ্ছে। শিক্ষকরাও বলছেন, বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেতু হওয়ায় তা অনেকটাই কমেছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের উন্নয়নে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে ব্যক্তি উদ্যোগেও এগিয়ে আসার উদাহরণ সৃষ্টি করেছেন আব্দুল করিম। তার এই মানবিক উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।



