অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট, ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতিও ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন–এর সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল রবিবার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন। নেতারা তার দীর্ঘ কর্মজীবন ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



