অল ক্রাইমস. টিভি ডেস্ক
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যা পুনরুদ্ধার করা সহজ নয়। তবে পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম–এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, দেশে দারিদ্র্যের হার ধীরে ধীরে কমছে, তবে অর্থনীতির বিভিন্ন খাতে এখনও চ্যালেঞ্জ রয়েছে। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন দিতে পারছেন না এবং ব্যাংক ঋণ পরিশোধেও সমস্যায় পড়ছেন।
তিনি বলেন, বৈষম্য দূর করাই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন নয়, বাস্তব দক্ষতা অর্জন জরুরি। এজন্য কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে ব্যবসা পরিচালনায় নানা জটিলতা রয়েছে। একটি সাধারণ রেস্টুরেন্ট চালু করতেও অনেক বাধার মুখে পড়তে হয়। এসব সমস্যার পেছনে অতীতের পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি দায়ী বলে তিনি উল্লেখ করেন এবং এগুলো দূর করার চেষ্টা চলছে বলে জানান।



