অল ক্রাইমস.টিভি ডেস্ক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি জামে মসজিদের প্রায় ২৬ কোটি টাকার সম্পত্তি দীর্ঘ ৪১ বছর ধরে প্রভাবশালী একটি মহলের দখলে থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মসজিদের জন্য ওয়াক্ফ করা জমি জালিয়াতির মাধ্যমে রেকর্ড পরিবর্তন করে দখল ও বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।
উপজেলার মুন্সিরহাট বাজারে অবস্থিত এ মসজিদের জন্য ১৯৮৪-৮৫ সালে ৬৯ শতাংশ জমি ওয়াক্ফ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ১৯৮৯-৯০ সালের রেকর্ড হালনাগাদের সময় প্রভাবশালী একটি চক্র কৌশলে ৫২ শতাংশ জমি নিজেদের নামে রেকর্ড করে নেয়। বর্তমানে ওই জমিতে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দখলকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২৬ কোটি টাকা। অথচ মসজিদটি দীর্ঘদিন ধরে অর্থ সংকটে জীর্ণ অবস্থায় রয়েছে।
সম্প্রতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক উল্লাহ দোকান নির্মাণ করতে গেলে মসজিদ কমিটির লোকজন বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
মসজিদ কমিটির সদস্যরা জানান, দখলকৃত জমিতে গড়ে ওঠা দোকানগুলোর প্রতিটির মূল্য এখন ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত। বিভিন্ন সময় এসব দোকান ভাড়া ও বিক্রিও হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে ছিদ্দিক উল্লাহ দাবি করেন, তিনি ওয়ারিশ সূত্রে এসব সম্পত্তির মালিক এবং রেকর্ড অনুযায়ী জমির ওপর তার অধিকার রয়েছে।
তবে মসজিদ প্রতিষ্ঠাতার ছেলে ও বর্তমান সভাপতি বাবুল মুন্সি বলেন, তার বাবা মসজিদের জন্য জমি দান করলেও পরে একটি চক্র জালিয়াতির মাধ্যমে বড় অংশ নিজেদের নামে রেকর্ড করে নেয়। বিষয়টি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি দাবি করেন।
স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসী দ্রুত তদন্ত করে মসজিদের সম্পত্তি উদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



