অল ক্রাইমস.টিভি ডেস্ক
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত একটি বিদ্যুৎ উপ-কেন্দ্রে দুর্বৃত্তদের একটি চক্রের লুটপাটে প্রায় ৪ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন ভাগদী ২০ কেভি সাব-স্টেশনে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে তামার তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা ৫–৬ জনের একটি দল প্রথমে কর্তব্যরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এরপর তারা চলতি লাইনের সংযোগ থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের বেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা প্রতিবেদন লেখা পর্যন্ত পুনরায় চালু করা সম্ভব হয়নি।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন সুমন জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।



