অল ক্রাইমস.টিভি ডেস্ক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সিয়ং ইউজি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র্যাংকিংয়ে ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থান থেকে আরও উন্নতির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি জানান, বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সিয়ং ইউজি বলেন, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণে বিশেষভাবে দক্ষ। তাই বাংলাদেশের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এ খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাসও দেন তিনি।
সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



