অল ক্রাইমস.টিভি ডেস্ক
আবারও যুদ্ধ বাধলে এবং যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিলে বাহরাইনের মানচিত্র ও নাম ভুলিয়ে দেওয়ার মতো ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে চরম উত্তজনা ও যুদ্ধাবস্থায় যুক্তরাষ্ট্র ও বাহরাইনের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১৪ মে) এই হুঁশিয়ারি দেন ইরানের প্রভাবশালী আইনপ্রণেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি। তিনি স্পষ্ট করে বলেন, যদি বাহরাইন তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়, তবে বাহরাইনে ইরান এমন ভয়াবহ আক্রমণ চালাবে যে সেদেশের মানুষ তাদের দেশের নাম পর্যন্ত ভুলে যাবে। ইরানের পক্ষ থেকে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় বাহরাইন পরোক্ষভাবে উস্কানি দিয়ে যাচ্ছে।
ইরানি এই নেতার দাবি অনুযায়ী, আলী খামেনিকে হত্যার পর বাহরাইন কোনো ধরণের সহানুভূতি প্রকাশ করেনি, বরং তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে আনা প্রস্তাবকে জোরালো সমর্থন জানিয়েছে। এছাড়া গত মাসে ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নেও বাহরাইন ইরানের বিপক্ষে একটি বিল পাসের চেষ্টা চালিয়েছিল বলে ইরান অভিযোগ করেছে। তবে তেহরান তাদের নিজস্ব কূটনৈতিক তৎপরতা এবং বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতায় সেই বিলটি আটকাতে সক্ষম হয়েছে বলে মোত্তাকি দাবি করেন। বাহরাইনের এমন বৈরী আচরণ ইরানকে এই কঠোর হুঁশিয়ারি দিতে বাধ্য করেছে বলে তিনি উল্লেখ করেন।
ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে বাহরাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান সদর দপ্তর অবস্থিত। এর আগে গত ফেব্রুয়ারি মাসে যখন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল, তখন বাহরাইনের বিভিন্ন স্থানে এমনকি হোটেলেও ড্রোন হামলা চালিয়েছিল তেহরান। ইরানের দাবি ছিল, মার্কিন সেনারা তাদের নিয়মিত ঘাঁটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই সব হোটেলে অবস্থান নিয়েছিল। এই ধারাবাহিকতায় নতুন করে যুদ্ধ শুরু হলে বাহরাইনকে কঠোর মাশুল দিতে হবে বলে ইরান সরাসরি সামরিক হুমকির বার্তা দিল।



