চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার ঘটনায় যুবদল নেতা মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নৈতিক স্খলনজনিত অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করেছে।
সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা অধীন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্থানীয়দের হাতে আটক হন কফিল। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে কফিলের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাকে ওই বাড়িতে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে পরিবারের সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। লিখিত মুচলেকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান কফিল। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়েছে। তিনি ব্যক্তিগত একটি লেনদেনের বিষয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেন।



