পরীক্ষামূলক সংস্করণ

ভারী অস্ত্র নিয়ে মুখোমুখি বিজিবি-বিএসএফ; পুশব্যাক চেষ্টা রুখে দিলো বিজিবি

বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পুশব্যাকের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি; উদ্ভূত পরিস্থিতিতে ভারী অস্ত্রসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মুখোমুখি অবস্থানে সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বেনাপোল সীমান্তে বিজিবির এমন কঠোর ও সতর্ক তৎপরতা দেখা যায়। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার বিবরণ দিয়ে জানান, গত রবিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেশ কয়েকটি গাড়িতে করে শতাধিক নারী ও পুরুষকে এনে সীমান্ত এলাকায় জড়ো করে। পরবর্তীতে গভীর রাতে কাটাতারের বেষ্টনীর বিভিন্ন গেট খুলে দিয়ে তাদের সাদিপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালানো হয়। তবে সে সময় সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই পুশব্যাকের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, বিএসএফ সীমান্তের ২১/৬ নম্বর পিলারের পাশ দিয়ে ১২ জন নাগরিককে জোর করে কাটাতারের বাইরে ঠেলে দিলেও বিজিবির কঠোর বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। ফলে গত ৩ দিন ধরে ওই ১২ জন নাগরিক বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে (শূন্য রেখা) আটকে আছেন। বিস্তীর্ণ মাঠের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করায় এই নারী, শিশু ও পুরুষেরা চরম অমানবিক দুর্ভোগের শিকার হচ্ছেন। এই সংকট নিরসনে গত সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে জরুরি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। এর জের ধরে বর্তমানে সীমান্তে বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই ভারী অস্ত্র মোতায়েন করে একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যার ফলে পুরো সীমান্ত জুড়েই এক টানটান উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত সংলগ্ন গ্রাম ও এলাকায় সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে। এদিকে সীমান্তে ডিউটিরত বিজিবির একজন কর্মকর্তা মঙ্গলবার জানান, আজ সীমান্ত এলাকায় নতুন করে কোনো নাগরিকের উপস্থিতি বা আনাগোনা দেখা যায়নি। তবে সীমান্তের ঝোপঝাড়ের ভেতর কেউ লুকিয়ে আছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে উদ্ভূত এই জটিল ও স্পর্শকাতর মানবিক সংকট নিরসনে বাংলাদেশ ও ভারত— দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সীমান্তের স্থানীয় বাসিন্দা ও সুধীসমাজ।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...