জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন করে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাণিজ্য রোধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া এবং এর ফলে মার্কিন বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার অজুহাতে স্থানীয় সময় মঙ্গলবার এই শুল্কের প্রস্তাব করা হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ের এই প্রস্তাব মূলত ‘সেকশন ৩০১’-এর অধীনে পরিচালিত অন্যায্য বাণিজ্যচর্চা তদন্তের সর্বশেষ সিদ্ধান্ত, যার মাধ্যমে ট্রাম্প প্রশাসন জরুরি ক্ষমতার আওতায় গত ফেব্রুয়ারিতে দেশের সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হওয়া শুল্কব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে। তদন্তের ভিত্তিতে বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ ১৫টি দেশ থেকে আমদানির ওপর ১০ শতাংশ এবং বাকি ৪৫টি দেশের ওপর ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্কারোপের কথা জানিয়েছে ইউএসটিআর। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে জানান যে, বাণিজ্য অংশীদারদের এই ব্যর্থতার কারণে মার্কিন শ্রমিকদের বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। তবে এই ঘোষণার পাশাপাশি ইউএসটিআর একটি নতুন বস্ত্রব্যবস্থা (টেক্সটাইল মেকানিজম) প্রস্তাব করেছে, যার অধীনে নির্দিষ্ট পরিমাণ পোশাক ও বস্ত্রপণ্য কম শুল্কহারে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে, যদিও এর পরিমাণ ও শুল্কহার এখনো প্রকাশ করা হয়নি। আগামী ২৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত সর্বজনীন অস্থায়ী ১০ শতাংশ শুল্কের মেয়াদ শেষ হতে যাওয়ার মুখে এই নতুন প্রস্তাবটি সামনে এলো। এর আগে গত সোমবার ব্রাজিলের ডিজিটাল বাণিজ্যনীতি নিয়ে সেকশন ৩০১ তদন্তের ফল হিসেবে দেশটির পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাব দেওয়া হয় এবং শিগগিরই চীনসহ ১৬টি দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আরেকটি তদন্তের ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে জ্বালানি, বিরল মৃত্তিকা খনিজ, কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট কিছু ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক পদার্থ এবং উড়োজাহাজের যন্ত্রাংশকে। ইউএসটিআর জানিয়েছে, এই প্রস্তাবিত শুল্কের বিষয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই একটি গণশুনানি অনুষ্ঠিত হবে।



