জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়ের মাহেন্দ্রক্ষণে একটি মহল দেশকে নতুন করে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ে নবগঠিত রুহিয়া উপজেলা গঠন উপলক্ষে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যখন দেশ গড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে, তখন দেশের প্রতিটি নাগরিককে সতর্ক থাকতে হবে যেন কেউ নতুন কোনো বিভ্রান্তি বা ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে এবং দেশকে পিছিয়ে দিতে যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। মন্ত্রী জনগণের সব চাহিদা একে একে পূরণ করার আশ্বাস দিয়ে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান এবং একই সাথে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন ও খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। এর আগে মন্ত্রী নবগঠিত রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সভামঞ্চে পৌঁছালে আয়োজক ও স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও পুষ্প বৃষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।



