কুমিল্লার হোমনা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) হেলাল উদ্দিন সরকার নামের এক বিএনপি নেতা হোমনা থানায় অভিযোগ জমা দেন। এর আগে সোমবার (২ জুন) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দেরচর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে জামায়াতের একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা দলীয় অফিসের সামনে সভা না করার অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।
বিএনপির অভিযোগ, পরবর্তীতে জামায়াত নেতাকর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, দলীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক কর্মসূচি আয়োজন রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। প্রতিবাদ জানালে জামায়াত নেতাকর্মীরা হামলা চালিয়ে অফিসে ভাঙচুর করে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, অফিস ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন। একটি সভাকে কেন্দ্র করে সামান্য হাতাহাতির ঘটনা ঘটলেও হামলা বা ভাঙচুরের অভিযোগ সত্য নয়। তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



