নিজস্ব প্রতিবেদক:
বরিশালে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব এবং বিভিন্ন অনৈতিক প্রলোভনের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৩০ জুলাই) জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক বিরোধ নিয়ে স্বামীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানাতে গেলে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট অফিসে দেখা হয় এএসপি আফজালের। এরপর তিনি বারবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিরক্তিকর বার্তা পাঠান এবং অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন।
এছাড়া, এএসপি আফজাল ওই নারীকে তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পরামর্শ দেন এবং সংসার ভাঙার নানা কৌশলে প্ররোচিত করার চেষ্টা করেন, যা পুলিশ সদস্য হিসেবে গুরুতর নৈতিক বিচ্যুতি ও অপেশাদার আচরণের শামিল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত এএসপি কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকেও ব্যবহার করে মামলা ও অভিযোগ দাখিলের মতো অপচেষ্টা চালান, যা পুলিশ বাহিনীর মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
এ ধরনের অপেশাদার ও অসদাচরণমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে গত ২১ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



