পশ্চিমবঙ্গের রূপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনকে সত্যি করে অবশেষে তার পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার ১১ জুন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর দলটির ভেতরে যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, তার জের ধরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় রাজনীতি থেকে দূরে থাকা এই অভিনেত্রীর নাম দেখে অনেকেই অবাক হয়েছিলেন। পরবর্তীতে গত এপ্রিল মাসে তিনি দিল্লি গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন এবং একে দেশের ও মানুষের সেবা করার একটি মহৎ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। কিন্তু দুই মাসের মাথায় দলটির সাম্প্রতিক বিপর্যয় ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলটিতে ভাঙন শুরু হয়েছে এবং এর সমর্থিত প্রার্থীরাও বেশ বিপাকে পড়েছেন। কোয়েল মল্লিকের আগে তৃণমূলের আরও তিন প্রভাবশালী রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক দলটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোয়েল মল্লিকের এই আকস্মিক পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা ১৩ জন থেকে এক লাফে কমে ৯ জনে এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন উঠেছে যে, চলতি সপ্তাহের মধ্যে দলটির আরও কয়েকজন রাজ্যসভা সদস্য পদত্যাগ করতে পারেন।



