পরীক্ষামূলক সংস্করণ

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইন্টারপোলের সহায়তায় সাবেক এই আইজিপিকে দুবাইয়ে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র। সূত্রমতে, গত ১২ জুন পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এই আটকের বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি সুনির্দিষ্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক।

এদিকে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাবেক এই আইজিপিকে দেশে ফেরত আনার ব্যাপারে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠাতে হবে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত ও অনুমোদন করবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত কর্তৃপক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধটি পাঠানো হবে। পাশাপাশি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি—যা পুলিশ সদর দপ্তরের একটি শাখা হিসেবে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে) আমিরাতের রাজধানী আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে। অতি দ্রুতই বেনজীর আহমেদকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তার মধ্যে বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য সামনে এলে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই তদন্ত শুরুর পরপরই তিনি কৌশলে দেশ ত্যাগ করেছিলেন। এরপর তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা দায়েরসহ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

 

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...