সিলেট নগরের শাহপরাণ থানা এলাকা থেকে আফজল হোসাইন নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন।নিখোঁজ আফজল হোসাইন (২১) সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর এলাকার মুসলিমনগরের বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে। তিনি শাহপরাণ থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত ৭ জুন রবিবার ওই মাদ্রাসা থেকে আফজল হোসাইন কাউকে কিছু না বলে বেরিয়ে যান। এরপর তিনি আর মাদ্রাসায় বা নিজের বাসায় ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় তার আত্মীয়-স্বজনরা মাদ্রাসাসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে সব ধরনের চেষ্টা করার পরও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরদিন ৮ জুন নিখোঁজ আফজালের মা শিফা বেগম বাদী হয়ে সিলেটের শাহপরাণ রহমতুল্লাহি আলাইহি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় আফজল হোসাইনের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা ছিল। তার গায়ের রং শ্যামলা, মুখাবয়ব গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সাধারণত সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। এই বিষয়ে সিলেটের শাহপরাণ রহমতুল্লাহি আলাইহি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান পাওয়ার জন্য পুলিশ আন্তরিকভাবে তৎপর রয়েছে।



