ফ্রান্সের এভিয়ানে আয়োজিত জি–৭ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর নেতৃত্ব ও দক্ষ দরকষাকষির প্রশংসা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রূপক অর্থে ‘টোটাল কিলার’ এবং দেখতে ‘দেবদূতের মতো’ বলে মন্তব্য করেছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘খুবই কঠিন’ এবং ‘দক্ষ দরকষাকষিকারী’ বলে উল্লেখ করে এই নেতার প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
বৈঠক চলাকালীন মোদির ব্যক্তিত্বের ওপর আলোকপাত করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই মানুষটিকে দেখুন, আমি আপনাদের একটি শিক্ষা দিই। তিনি সবচেয়ে সুন্দর চেহারার মানুষদের একজন। তাকে দেখতে এতটাই ভদ্র ও শান্ত লাগে, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি টোটাল কিলার। তবে তাকে দেখতে এত ভালো লাগে যে তিনি আপনাকে অবাক করে দেবেন এবং এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। ট্রাম্প অবশ্য ‘টোটাল কিলার’ শব্দটি সম্পূর্ণ রূপক অর্থে ব্যবহার করেছেন, যা দিয়ে মূলত মোদির দৃঢ় নেতৃত্ব ও আলোচনার টেবিলে নিজের দাবি আদায়ের কঠোর সক্ষমতাকে বোঝানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য জোরালো করে ট্রাম্প আরও বলেন, আমি যতদিন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছি, ভারত হোয়াইট হাউসে একজন সত্যিকারের বন্ধুকে পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির প্রতি সবার অসাধারণ শ্রদ্ধা রয়েছে। মোদিকে ‘ভদ্র কিন্তু কঠোর’ হিসেবে অভিহিত করে ট্রাম্প অতীতের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, মানুষ বলে তিনি খুবই ভালো মানুষ, তবে আমি বলি তিনি খুবই কঠোর এবং একজন দক্ষ দরকষাকষিকারী। তিনি যেমন ভারতীয় জনগণকে ভালোবাসেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হওয়া ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, সেই সময়ে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল এবং ভবিষ্যতে আমরা আবারও ভারত সফরে যাব।
দুই দেশের চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাদের খুবই ভালো আলোচনা হয়েছে এবং বর্তমানে দুই দেশ একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বর্তমানে অনেক ইতিবাচক বিষয় ঘটছে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন ইতিহাসের সেরা সময় পার করছে। তাদের দেশে ১৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসছে, নতুন নতুন কারখানা গড়ে উঠছে এবং নানামুখী উন্নয়ন হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রে অনেক বিনিয়োগ করছেন জানিয়ে ট্রাম্প সেই বিনিয়োগের প্রশংসা করেন এবং মোদিকে দীর্ঘদিন ধরে নিজের একজন ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে তার সাথে থাকতে পেরে ভালো লাগার কথা জানান।
অন্যদিকে এই দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ‘নতুন গতি’র কথা বিশেষভাবে উল্লেখ করেন। নরেন্দ্র মোদি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে এবং আমি বিশ্বাস করি, এটি বিশ্বমঞ্চে দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে। বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই বিষয়ে ট্রাম্প এবং তিনি সম্পূর্ণ একমত পোষণ করেছেন বলে মোদি জানান। মোদি আরও জোর দিয়ে বলেন, ভারত সবসময়ই আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং এই লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত ও বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।



