কুমিল্লার হোমনায় মৃত বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রুপ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) হোমনা–গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত রুপ মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার এলাকার দীঘলদি গ্রামের বাসিন্দা। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮) এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক তানভির। আহত চালক তানভির হোমনা চৌরাস্তা এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকায় রুপ মিয়ার বড় বোন মারা যান। তার জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রুপ মিয়া। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশার যাত্রীরা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুপ মিয়াকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কয়েকদিন আগে নিহতের বড় বোন মারা যান। তার জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে রুপ মিয়া নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’



