কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে টেকনাফ উপজেলা শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও অপতৎপরতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পুলিশের বিশেষ অভিযান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ড, বিশেষ করে মিছিল ও শোডাউনের চেষ্টা করতে পারে— এমন আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সহযোগিতা করা হচ্ছে এবং টেকনাফে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য দায়িত্বে রয়েছেন।



