রংপুর নগরীর নর্থ ভিউ আবাসিক হোটেলের ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান নিহত হওয়ার ঘটনায় শাহরিয়ার শাকিন নামের এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শাহরিয়ার শাকিন রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এবং নগরীর ধাপ চিকলি ভাটা এলাকার ফোরকান মিয়ার ছেলে। পরে বিকেল সাড়ে ৫টায় মহানগর ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন উপ–কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। ব্রিফিংয়ে তিনি জানান, ভুক্তভোগীর পরিবারের করা মামলার ভিত্তিতে এবং প্রাপ্ত তথ্য–প্রমাণের আলোকে শাহরিয়ার শাকিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিহত ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক এবং দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে আসামির মোবাইল ফোনের তথ্য সম্পূর্ণ রিসেট করার কারণে অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম।
তবে গ্রেফতার হওয়া মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার শাকিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন এবং একসময় তাদের মধ্যে শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক ছিল। পরবর্তীতে ভুল বোঝাবুঝির কারণে তিনি কোচিং বন্ধ করে দেন। তার দাবি, ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে তিনি নিজেই ডিবি অফিসে যান। পরে তাকে আটক করা হয় এবং মামলার ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে মেয়ের এমন রহস্যজনক মৃত্যুতে শোকগ্রস্ত বাবা নজরুল ইসলাম বলেন, তার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা থাকলেও কীভাবে সে নর্থভিউ হোটেলের ছাদে গেল, তা নিয়ে তিনি চরম সন্দিহান। তিনি এই হৃদয়বিদারক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত বিচার দাবি করেন।
পুলিশ প্রশাসন ও আবাসিক হোটেলের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে নর্থ ভিউ হোটেলের রেস্টুরেন্ট এর রুফটপ বা ছাদ থেকে পড়ে ওই নারী শিক্ষার্থীর মৃত্যু হয়। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিহত নুজসাত জাহান বিকেল ৪টা ৫৪ মিনিটে একা হোটেলের ছাদে ওঠেন এবং সেখানে দীর্ঘ সময় ধরে নিজের মোবাইল ফোন ব্যবহার করেন। পরবর্তীতে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে তিনি ছাদের রেলিং থেকে আচমকা নিচে পড়ে যান। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



