কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে লংমার্চ এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
শুক্রবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর আলটিমেটাম দেন। কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্থানীয় প্রশাসনকে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন এবং অপরাধীদের দমনে ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মনিরুল হক চৌধুরী বলেন, “জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।”
তিনি কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে আরও বলেন, “গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন। ডিসি সাহেব, এসপি সাহেব আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। না হলে বাকিটা আমি দেখব।”
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, “প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চ করব। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।”
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহকারী পরিচালক নজরুল ইসলাম, কুমিল্লার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এবং আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সুধীজন।



