অল ক্রাইমস.টিভি ডেস্ক
চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং—এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ ঘোষণা এলো।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি জিন পিং বছরের শেষের দিকে হোয়াইট হাউসে আসবেন। তিনি দাবি করেন, বর্তমানে যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ক ‘চমৎকার’ অবস্থায় রয়েছে। আগামী বছরের এপ্রিলে ট্রাম্পের চীন সফরেরও পরিকল্পনা রয়েছে।
এর আগে দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়, যেখানে বাণিজ্য সংঘাত, তাইওয়ান ইস্যু, ইউক্রেন যুদ্ধ ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শি জিন পিং।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প চীনা পণ্যের ওপর, বিশেষ করে ইস্পাত ও অটোমোবাইল খাতে, কঠোর শুল্ক আরোপ করেছেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।



