বিশ্বকাপের শেষ বত্রিশের সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইনআপ। নকআউট পর্বে নিজেদের ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষে নিশ্চিত হয় বিশ্বকাপের শেষ ষোলোর সূচি। শেষ ষোলোতে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।
মায়ামিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে মিসর, যারা এখন মেসিদের প্রতিপক্ষ।
এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ থেকেই দেখা গেছে একের পর এক অঘটন। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। এর মধ্যে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নেয় প্যারাগুয়ে, যা টুর্নামেন্টের অন্যতম বড় চমক।
শেষ ষোলোর খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে। এরপর রাত ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও প্যারাগুয়ে।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সিতে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। একই দিনে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলোর লড়াই।
শেষ ষোলোর পর একদিন বিরতি দিয়ে ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ড্র অনুযায়ী শেষ আটে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দুই দলই নিজেদের ম্যাচ জিততে পারলে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।
এর আগে ১৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল এবং ১৯ জুলাই নিউজার্সিতে গড়াবে বিশ্বকাপের ফাইনাল।



