টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়া যাত্রীদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে রয়েছে। ফলে রেললাইন নিরাপদ না হওয়া পর্যন্ত কক্সবাজারগামী ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
রেলওয়ে জানায়, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করা হয়েছে। পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে না।
আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। রেললাইন থেকে পানি নেমে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।



