কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসের চালক পালিয়ে যান।
শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া শেখ রাতুল (২৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঢাকাগামী বাসটি তল্লাশি করে ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় বাসের হেল্পার শেখ রাতুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়। পরে ইয়াবাসহ বাসটি জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।



