বিএনপির অভ্যন্তরীণ বিভেদ ও বিরোধের সুযোগ নিয়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১১ জুলাই) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠিত হয়েছে এবং সরকার দেশ পরিচালনা করছে। তবে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও মতবিরোধকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, বরং স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা চলেছে। দীর্ঘ ১৭ বছর পর জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে ভুল হলে তা জনগণের কাছে স্বীকার করা উচিত। জনগণ ক্ষমাশীল। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আগামীর বাংলাদেশ আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



