চট্টগ্রামের সীতাকুণ্ডে সুপ্তধারা ঝর্ণা এলাকায় আটকে পড়া সাউদার্ন ইউনিভার্সিটির চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে গেলে তারা ফেরার পথে আটকা পড়েন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। তিনি জানান, তার ছোট ভাই সাকিব (২২) ও আরও তিন বন্ধু সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় ঘুরতে গিয়েছিলেন। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিকেলে সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার সময় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়। এতে পাহাড়ি ঝিরিপথে পানি বেড়ে যায় এবং তারা পথ হারিয়ে ঝর্ণার কাছাকাছি একটি এলাকায় আটকা পড়েন।
৯৯৯-এর কলটেকার এএসআই শরিফুল ইসলাম কলটি গ্রহণ করেন। পরে ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেন বিষয়টি দ্রুত সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানান এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয় করেন।
খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও প্রায় তিন কিলোমিটার দুর্গম পাহাড়ি ঝিরিপথ হেঁটে তারা আটকে পড়া শিক্ষার্থীদের কাছে পৌঁছান।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা জানান, রাত ৮টা ১০ মিনিটে চার শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া সবাই সুস্থ ও অক্ষত রয়েছেন।



