অল ক্রাইমস.টিভি ডেস্ক
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশকে সচল করাই অন্তর্বর্তী সরকারের প্রথম ও সবচেয়ে কঠিন কাজ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দায়িত্ব ছাড়ার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ৫ আগস্ট ছিল “মহা মুক্তির দিন”, তবে তখন দেশ সম্পূর্ণ অচল ছিল। অভ্যুত্থানের পর প্রশাসনের অনেক কর্মকর্তা পালিয়ে যান বা আত্মগোপনে চলে যান, ফলে কাকে বিশ্বাস করবেন তা নিয়ে বড় সংকট তৈরি হয়।
তিনি জানান, ছাত্রনেতাদের আহ্বানে বিদেশে থাকা অবস্থায় দায়িত্ব নিতে প্রথমে রাজি না হলেও পরে জাতির স্বার্থে সম্মত হন। ১৮ মাস দায়িত্ব পালনের পর এখন বিদায়ের সময় এসেছে।
ড. ইউনূস বলেন, দেড় যুগ পর জাতীয় নির্বাচন ও সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।



