বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসিকে কীভাবে থামানো যাবে, তা নিয়ে আলোচনা চলছে ইংল্যান্ড শিবিরে। এ পরিস্থিতিতে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলকে বিশেষ পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার জে বোথরয়েড। তার দাবি, মেসিকে এককভাবে সামলানোর সক্ষমতা রয়েছে ইংল্যান্ডের ডিফেন্ডার জেড স্পেন্সের।
বুধবার (১৫ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি ইতোমধ্যে ৬ ম্যাচে ৮ গোল ও ২টি অ্যাসিস্ট করে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জে বোথরয়েড বলেন, মেসি যখন ডান দিক থেকে ভেতরে ঢুকে সেন্ট্রাল জোনে খেলেন, তখন তাকে আটকানো অত্যন্ত কঠিন। তার মতে, ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে জেড স্পেন্সই ইংল্যান্ডের সবচেয়ে কার্যকর ডিফেন্ডার।
বোথরয়েড বলেন, স্পেন্সের রিকভারি স্পিড ও শারীরিক সক্ষমতা ইংল্যান্ড দলের অন্য ডিফেন্ডারদের তুলনায় বেশি। তাই মেসির মতো দ্রুত ও সৃজনশীল ফুটবলারের বিপক্ষে তাকে ব্যবহার করলে ইংল্যান্ড সুবিধা পেতে পারে।
যদিও জেড স্পেন্স ইংল্যান্ডের নিয়মিত শুরুর একাদশের সদস্য নন, তবে চলতি বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলেছেন। ঘানা ও ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।
এখন দেখার বিষয়, বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে জে বোথরয়েডের পরামর্শ বিবেচনায় নিয়ে কোচ থমাস টুখেল জেড স্পেন্সকে একাদশে রাখেন কি না।



