গাজীপুরের শ্রীপুরে মাদকের জন্য টাকা না পেয়ে দুই সন্তানের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী ছায়েদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১ জানায়, সোমবার (১৩ জুলাই) ভোরে শ্রীপুর পৌরসভা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বেতন পাওয়ার পর নাসিমার কাছে তিন হাজার টাকা দাবি করেন তার স্বামী ছায়েদুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, মাদক কেনার জন্য ওই টাকা চাওয়া হলে নাসিমা তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ছায়েদুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাসিমা আক্তারের মৃত্যু হয়। এ সময় তাদের আট বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
ঘটনার পরপরই র্যাব-১ অভিযান চালিয়ে অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ছায়েদুল ইসলাম।



