ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বৃষ্টি, নৃত্য, সংস্কৃতি ও মানবিকতার অনন্য সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ষা উদযাপনের বিশেষ আয়োজন ‘ঘনঘটা’। ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে শত শত নৃত্যশিল্পী ও দর্শনার্থী অংশ নেন এই ব্যতিক্রমী উৎসবে।
শুক্রবার (১৭ জুলাই) অর্থি ডান্স একাডেমির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ‘ঘনঘটা’। বর্ষার সৌন্দর্য, বাংলা সংস্কৃতির ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে বর্ষাভিত্তিক নৃত্য, গান ও কবিতার সমন্বয়ে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। এতে আড়াই বছর বয়সী শিশু থেকে শুরু করে ৬০ বছর বয়সী নৃত্যশিল্পী পর্যন্ত অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ‘ঘনঘটা’য় প্রায় ৩০০ নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বাংলা সাহিত্য ও সংগীতের বিভিন্ন সৃষ্টিকে নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে বর্ষাকে স্বাগত জানানোর আয়োজন। আয়োজকদের মতে, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এই ভাবনাই ‘ঘনঘটা’র মূল দর্শন।
আয়োজনে অংশগ্রহণকারীদের পোশাকেও ছিল বিশেষ নান্দনিকতা। নারীদের নীল, সবুজ ও সাদা শাড়ি এবং পুরুষদের পাঞ্জাবি পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে বন্যার্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়। আয়োজকরা জানান, সংগৃহীত অর্থ দেশের বন্যাকবলিত দুর্গত মানুষের সহায়তায় ব্যবহার করা হবে।
নৃত্য, প্রকৃতি, বাংলা সংস্কৃতি ও মানবিকতার মেলবন্ধনে ‘ঘনঘটা’ এবারও দর্শনার্থীদের জন্য তৈরি করেছে এক ভিন্নধর্মী বর্ষা উদযাপনের অভিজ্ঞতা।



