পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বহরে ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ৪৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
স্থানীয় সংবাদমাধ্যম বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, মস্তুং এলাকার কাছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বহরে অতর্কিত এই হামলা চালানো হয়। ঘটনার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। চলতি মাসে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর এটি চতুর্থ এবং গত দুই সপ্তাহের মধ্যে তৃতীয় বড় হামলা বলে দাবি করা হয়েছে।
বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে বলেন, তাদের ‘ফাতেহ স্কোয়াড’ পরিকল্পিতভাবে প্রথমে নিরাপত্তা বহরে এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। তার দাবি, দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন শাবান’ নামে যৌথ সামরিক অভিযান শুরু করেছে। এতে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী অংশ নিচ্ছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্র। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলেই অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গাওয়াদর বন্দর, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর গুরুত্বপূর্ণ অংশ।
সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। এদিকে ধারাবাহিক হামলায় পুরো বেলুচিস্তানজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।



