মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৩ জুলাই রাত ১২টা থেকে চরকি অ্যাপ ও ওয়েবসাইটে সিনেমাটি দেখতে পারবেন দেশ-বিদেশের দর্শকরা। এটি চরকি এক্সক্লুসিভ কনটেন্ট হিসেবে মুক্তি পাচ্ছে।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো ‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। অঞ্জন চৌধুরী পিন্টুর নিবেদনে সিনেমাটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড।
ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো বলেন, প্রেক্ষাগৃহে যারা সিনেমাটি দেখতে পারেননি, তারা এবার ঘরে বসেই সহজে উপভোগ করতে পারবেন। তার আশা, চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে।
সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, ব্যস্ততা বা অন্যান্য কারণে যারা হলে যেতে পারেননি, তারা এখন সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখতে পারবেন এবং পছন্দের দৃশ্য বারবার উপভোগ করার সুযোগ পাবেন।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বয় চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিচ্ছে। ‘রকস্টার’ চরকিতে যুক্ত হওয়ায় দেশ-বিদেশের দর্শকরা সহজেই সিনেমাটি দেখতে পারবেন।
সিনেমাটিতে শাকিব খান একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী লুক হিসেবে আলোচনায় এসেছে। এ চরিত্রের জন্য তিনি নিজের ওজনও কমিয়েছিলেন।
এছাড়া সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান ও কাজী সাবির।
পরিচালক জানান, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতশিল্পী জীবনের স্মৃতির মিশেলে ‘রকস্টার’-এর গল্প নির্মাণ করা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং গানগুলোর কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি।



