ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ঘাটের পন্টুন ও সংযোগ সড়ক পানির নিচে চলে যাওয়ায় লঞ্চে ওঠানামা করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।
শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করলে রামনেওয়াজ লঞ্চঘাটের অধিকাংশ অংশ প্লাবিত হয়। ফলে যাত্রীদের অনেকেই কোমরসমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে অতিরিক্ত জোয়ারে রামনেওয়াজ লঞ্চঘাট প্লাবিত হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য জোয়ারেই ঘাট ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।
যাত্রীরা জানান, জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই ঝুঁকি নিতে হচ্ছে। দ্রুত লঞ্চঘাটের উচ্চতা বৃদ্ধি, সংযোগ সড়কের সংস্কার এবং টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, জোয়ারের পানি কমে গেলে রামনেওয়াজ লঞ্চঘাটের উন্নয়নকাজ শুরু করা হবে।
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বর্ষা মৌসুমে যাত্রীদের দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।



