ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগতদের প্রবেশ এবং সাধারণ যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ সীমিত থাকবে।
একই সময়ে ব্যক্তিগত যানবাহনের প্রবেশ ও চলাচলেও নিয়ন্ত্রণ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহনের পাশাপাশি অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ারিং, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি এবং অন্যান্য সরকারি জরুরি সেবার যানবাহন নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই ক্যাম্পাসের আইনশৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।



