আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলের মোহাম্মাদিয়া এলাকায় একটি রাষ্ট্রীয় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে নেয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের আবাসিক প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়, চিকিৎসা ও সামাজিক সহায়তা দিয়ে আসছিল।
আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, ঘন ধোঁয়ার মধ্যেও উদ্ধারকারীরা অভিযান চালিয়ে বহু বাসিন্দাকে উদ্ধার করেন। আহতদের মধ্যে ১০ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত দুজন এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় এবং উদ্ধার কার্যক্রমের দৃশ্য দেখা গেছে। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতেও ধোঁয়ায় আচ্ছন্ন করিডোরে উদ্ধারকারীদের আগুন নিয়ন্ত্রণ ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তিব্বুন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী সিফি ঘিরিবও হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন।
অগ্নিকাণ্ডের কারণ জানতে নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



