চট্টগ্রামের পাহাড়তলীতে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টা ও শ্বাসরোধে হত্যা মামলায় আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক সাইফুর রহমান রায়ে আসামিকে তিনটি পৃথক ধারায় দোষী সাব্যস্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে প্রতিবেশী সবজি বিক্রেতা মো. রুবেল শিশুটিকে বিড়াল ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি খালি বাসায় নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরে রাতের অন্ধকারে মরদেহ বস্তায় ভরে পাহাড়তলীর আলমতারা পুকুরপাড় এলাকার একটি ডোবায় ফেলে দেন। পরদিন স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উঠে আসে এবং আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য, প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
নিহত আবিদা সুলতানা আয়নী পাহাড়তলীর আব্দুল হাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা একজন পোশাককর্মী এবং বাবা ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত।



