সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটি প্রথমে এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে দলটির স্থানীয় নেতারা ভিডিওতে থাকা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।
সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও।
তবে পরবর্তীতে একই কক্ষের আরও ভিডিও প্রকাশ্যে এলে দলটির পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, এমপি গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই এ বিয়ে হয়েছে।
তিনি আরও জানান, দ্বিতীয় বিয়ের সুনির্দিষ্ট তারিখ তার জানা না থাকলেও বেশ কিছুদিন আগে বিয়ে সম্পন্ন হয়েছে বলে তারা অবগত হয়েছেন। একই সঙ্গে ভিডিওটি কীভাবে প্রকাশ হলো এবং কারা ছড়িয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক বিশ্লেষণে ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহার বা ডিজিটাল কারসাজির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তাদের মতে, ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি।
সিসিটিভি ফুটেজে থাকা টাইমস্ট্যাম্প অনুযায়ী, ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



