প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানপত্র জমা দিয়ে তিনি নতুন দায়িত্ব পালন শুরু করেন।
দায়িত্ব গ্রহণের বিষয়টি রাশেদ খান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সবার দোয়া চাই।’
এর আগে রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. রাশেদ খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, তার নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর রাশেদ খান সেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করেন।



