সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বাগেরহাটের মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে মোংলা পৌর মার্কেট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানান। তারা তার কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ, থুতু নিক্ষেপ এবং পরে আগুন দিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।



