বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়। দলের নেতাকর্মীদেরও ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায় ও অপরাধের বিষয়ে দল কোনো ধরনের ছাড় দেবে না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।” তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীর অন্যায়, দোষ বা অপরাধ চোখে পড়লে তা দলকে জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় দেখলে ধরিয়ে দিন। আমরা তা সংশোধনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, সাদা কাপড়ের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখতে হলে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো আপস বা ছাড় নেই বলেও তিনি মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান জানান, সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অপরাধ বা নৈতিক বিচ্যুতির ক্ষেত্রে দল কঠোর সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে তিনি নিজেসহ সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান।



