বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসেকে ঘিরে গ্রীষ্মকালীন দলবদল বাজারে তুমুল আলোচনা চলছে। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দারুণ পারফরম্যান্সের পর তাকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ ২০০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফুটবল অঙ্গনে।
বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া গড়ে তোলেন ওলিসে। তার বাড়ানো পাস থেকেই এমবাপ্পে টুর্নামেন্টে পাঁচটি গোল করেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোর পরিকল্পনায় ওলিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ কারণে এমবাপ্পেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে তাকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে আলোচনা রয়েছে।
এর আগে পুনর্নির্বাচনী প্রচারণায় ফ্লোরেন্তিনো পেরেজ বড় অঙ্কের অর্থ ব্যয় করে একজন মহাতারকাকে দলে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও তিনি প্রকাশ্যে ওলিসের নাম অস্বীকার করেন, তবুও তাকে ঘিরে ট্রান্সফার গুঞ্জন থামেনি।
গুঞ্জন বাড়তে থাকায় রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, মাইকেল ওলিসে কিংবা তার প্রতিনিধিদের সঙ্গে ক্লাবের কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ হয়নি। পাশাপাশি বায়ার্ন মিউনিখের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে এসব খবরকে ভিত্তিহীন বলে দাবি করে স্প্যানিশ ক্লাবটি।
অন্যদিকে, বায়ার্ন মিউনিখও তাদের অন্যতম সেরা তারকাকে বিক্রি করতে অনিচ্ছুক। ক্লাবের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ওলিসে ক্লাবের জন্য অমূল্য এবং কোনো প্রস্তাবেই তাকে ছাড়ার পরিকল্পনা নেই।



