জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনব্যবস্থার পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ তা মেনে নেবে না। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে জনগণ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, দেশের মানুষ আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিখেছে কীভাবে গণআন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনা যায়।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে গিয়ে রাষ্ট্র পরিচালনায় দলীয়করণ ও দুর্নীতির পথ অনুসরণ করছে। এ ধরনের শাসনব্যবস্থা থেকে সরে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ সংস্কার ও পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং সেই গণরায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।
গণভোট, সংবিধান সংস্কার এবং রাজনৈতিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।
সিলেটবাসীর প্রতি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।



