বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ৫ দিন ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
বুধবার (২৯ জুলাই) দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং অন্যান্য বিভাগের অনেক এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।



