ভারতের শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন করেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত—এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেকের মাধ্যমে জানা গেছে, পোস্টটি ভুয়া।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরের পর কঙ্গনাকে ঘিরে ওই দাবি ছড়িয়ে পড়ে। ভাইরাল পোস্টে বলা হয়, কঙ্গনা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাকে পরবর্তী শিক্ষামন্ত্রী করার আবেদন জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে-র প্রতিবেদনে বলা হয়, ভাইরাল পোস্টে কঙ্গনার নামে এমন কিছু বক্তব্য যুক্ত করা হয়েছে, যা তার নিজের কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পাওয়া যায়নি।
পোস্টটিতে আরও দাবি করা হয়, নিট পরীক্ষার্থীদের জন্য কঙ্গনার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং তার সিনেমা দেখলে শিক্ষার্থীরা অতিরিক্ত নম্বর পাবে। এসব দাবিকেও ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফ্যাক্টচেক সূত্রে জানা গেছে, কঙ্গনার লেখার ধরন অনুসরণ করে তৈরি করা ওই পোস্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো ভুয়া কনটেন্ট হতে পারে।
এ বিষয়ে এখন পর্যন্ত কঙ্গনা রানাউত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
প্রসঙ্গত, কঙ্গনা রানাউত বর্তমানে বিজেপির সংসদ সদস্য। সর্বশেষ তাকে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় দেখা গেছে। তার পরবর্তী সিনেমা ‘কুইন ২’-এর কাজ চলছে।



