গাজীপুরের শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকাসহ জাহাঙ্গীর আলম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গ্রেপ্তার জাহাঙ্গীর আলমকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়) এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর আলম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেওয়া পশ্চিম খন্ড এলাকার একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, পরে ঘর তল্লাশি করে একটি কালো ব্যাগ থেকে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর মাদকবিরোধী অভিযানের সময় জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে সক্রিয় হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।



