সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির তারেক জামিলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জের পাঁচমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির গাড়িবহর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে কানাইঘাটের উদ্দেশে যাওয়ার পথে হামলার শিকার হয়।
এনসিপি নেতাদের দাবি, হামলাকারীরা রড ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে অন্তত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় যুবশক্তি সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল চোখে গুরুতর আঘাত পেয়েছেন।
এনসিপির সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ জানান, পাঁচমাইল এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল গাড়িবহরের পথ রোধ করে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে তারা ফিরে এসে সার্কিট হাউসে অবস্থান নেন।
এদিকে এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করেছেন, তাদের গাড়িবহরে দুই দফায় হামলা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ অভিযোগ করেন।



