পরীক্ষামূলক সংস্করণ

পেটে লুকানো ৯০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে পেটের ভেতরে লুকিয়ে আনা ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের শরীর থেকে ধাপে ধাপে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর বাসিন্দা মো. শাহ আলম (৪৯) ও মো. রফি উল্লাহ (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার একটি বড় চালান পাচারের তথ্য পেয়ে গত রোববার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে পরীক্ষায় তাদের শরীরের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে মো. শাহ আলমের শরীর থেকে ৯০টি এবং মো. রফি উল্লাহর শরীর থেকে আরও ৯০টি প্যাকেট বের করা হয়। মোট ১৮০টি প্যাকেট খুলে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।

র‌্যাব জানায়, ইয়াবাগুলো স্বচ্ছ পলিপ্রপিলিন ব্যাগে ভরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল, যাতে সহজে শনাক্ত করা না যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব মাদক চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।

আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...