খুলনা নগরের কেসিসি মার্কেট এলাকায় গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ আবেদ আলীকে আটক করে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আসলাম আলী বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে যান শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাঁকে ঘিরে ধরে আটক করেন। একপর্যায়ে তাঁকে মারধর করে খুলনা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, গোপালগঞ্জ সদর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তাঁকে থানায় রাখা হয়েছে।



